
জাকির ফরাজীঃ খাল ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পিরোজপুর পৌরসভার কুমারখালি এলাকার কাজীবাড়ি খালে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে খাল ও এর আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তার রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ জন্য বাড়িঘর, নালা-নর্দমা, খাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।
আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের ঘরের আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।