
মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ ইদুল আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আটক ইদুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ইদুল আলীকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধার করা মোটরসাইকেলগুলোর বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ইদুল আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত আরও ৪ থেকে ৫ জন সহযোগীর তথ্য পাওয়া গেছে।
তাদের শনাক্ত করে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।