
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ‘সঞ্জীবন প্লাটুন’-এর সদস্যদের উদ্যোগে ৩২ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে সরকারি প্রায় এক একর খাসজমিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মাগুরা জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় ২ নম্বর আঠারখাদা ইউনিয়নের ৩৫ নম্বর মৃগীডাঙ্গা মৌজার ১৪৭২ নম্বর দাগের ১ নম্বর খতিয়ানভুক্ত জমিতে চারাগুলো রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. আসমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রোকন উদ্দীন, টিআই রোকেয়া খাতুন, প্রশিক্ষক আবু হুসাইন আহমেদ এবং আঠারখাদা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আনসার-ভিডিপি সদস্যরা।
কর্মসূচিতে সাত প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ১০০টি চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে—মেহগনি ২৫টি, চালতা ১৩টি, জলপাই ১২টি, আমলকি ১৫টি, হরিতকি ১০টি, কাঠবাদাম ১২টি ও নিম ১৩টি।