
মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা
বিশ্বমঞ্চে শিবগঞ্জের ড. মো. সাইমুম পারভেজ, জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ন্যায়বিচার, বৈশ্বিক সংহতি ও ন্যায্য অর্থায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং শিবগঞ্জের কৃতী সন্তান ড. মো. সাইমুম পারভেজ।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ সদর দপ্তরে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত চতুর্থ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) লিডার্স মিটিংয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন তিনি। বৈঠকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী অর্থায়ন এবং দুর্যোগের পর দ্রুত আর্থিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি তুলে ধরে ড. সাইমুম বলেন, “জলবায়ু পরিবর্তন আগামীকালের শিরোনাম নয়; এটি আজ আমাদের অস্তিত্বের লড়াই।” তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর কণ্ঠ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বৈঠকে ভিটুভি কমপ্যাক্ট এগিয়ে নেওয়া এবং জলবায়ু দুর্যোগের পর দ্রুত তারল্য সহায়তা নিশ্চিত করতে প্রস্তাবিত লাইফলাইন ফান্ড কার্যকর করার প্রতি সমর্থন জানান তিনি। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে আরও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান।
আসন্ন কপ৩১ সামনে রেখে ন্যায্য ও পূর্বানুমেয় জলবায়ু অর্থায়ন, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত কার্যকর করা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের চাপ কমাতে বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জানান ড. সাইমুম পারভেজ।