
কালীগঞ্জ সংবাদদাতা : সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন গাজীপুরের কালীগঞ্জের এক প্রবাসী কর্মী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রিয়াদের দ্বিতীয় শিল্পনগরী ‘আল-সানাইয়া আল-জাদিদা’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসীর নাম মো. আবদুল্লাহ (৩০)। তিনি কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য ইসমাইল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান আবদুল্লাহ। গত আগস্টে ছুটি কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফেরেন। ওই দিন কারখানায় কাজ করার সময় একটি পাইপলাইন বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল্লাহসহ বেশ কয়েকজন প্রাণ হারান। অন্য নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এর মাত্র কয়েক দিন আগে, গত ১৮ সেপ্টেম্বর রাতে রিয়াদে কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের আরও দুই নির্মাণশ্রমিক নিহত হন। তাঁরা হলেন—মোক্তারপুর ইউনিয়নের ধনপুর দক্ষিণপাড়ার আলমগীর খন্দকার (৪৪) এবং ফকিরপাড়ার ফরহাদ ফকির (৩৫)।
তা ছাড়া গত ৩০ আগস্ট স্পেনের মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে আগুনে দগ্ধ হয়ে মারা যান কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার যুবক ইউসুফ হাসান আলিফ (২৭)। দীর্ঘ প্রক্রিয়া শেষে ১১ সেপ্টেম্বর তাঁর মরদেহ দেশে আনা হয়।
মাত্র এক মাসের ব্যবধানে চার প্রবাসীর এমন নির্মম মৃত্যুতে সমগ্র কালীগঞ্জ উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, স্পেন ও রিয়াদের সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা চলছে।