
বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক
এমএম রহমাতুল্লাহ: বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বিদায়ী সাক্ষাৎ ও বৈঠকে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। বেলা সাড়ে ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা, দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উভয়পক্ষ আশা প্রকাশ করে, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে আরও কার্যকরভাবে কাজ করবে।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সংলাপের পরিবেশ তৈরিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইতিবাচক ভূমিকা রেখেছেন। এ ভূমিকার জন্য দলের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বৈঠকে জামায়াতের আমীর ও দলের নেতারা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবেশ তৈরিতে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
চীনা দূতাবাসের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাচে লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই।
জামায়াতের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. মোবারক হোসাইন, ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. জাহিদুর রহমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ অব্যাহত রয়েছে। বিদায়ী সাক্ষাতে উভয়পক্ষের আলোচনায় ভবিষ্যৎ সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করার প্রত্যাশাই গুরুত্ব পায়।