
ভোলা প্রতিনিধি: ভোলায় "ধর্ম যার যার, ভালোবাসা সবার" — এই বার্তাকেই বাস্তবে রূপ দিলেন এক হিন্দু যুবক। নিজের ব্যক্তিগত অর্থায়নে একটি জামে মসজিদের জন্য অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন অজুখানা নির্মাণ করে এলাকায় প্রশংসায় ভাসছেন স্বপন চন্দ্র সরকার।
জানা যায়, স্বপন চন্দ্র সরকার, পিতা মনোরঞ্জন স্বর্ণকার, পেশায় একজন ব্যবসায়ী। তিনি নিয়মিত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান ও মন্দিরে আর্থিক সহযোগিতা করে থাকেন। তবে এবার তার ইচ্ছে জাগে মুসলমানদের জন্য কিছু করার।
এ বিষয়ে স্বপন চন্দ্র বলেন, "আমি একজন হিন্দু। ইচ্ছে হলো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে বা উন্নয়নমূলক কোনো কাজ করার। পরে মসজিদ কমিটিকে প্রস্তাব দিলাম যে অজুখানাটা আমি সুন্দরভাবে করে দিতে চাই।"
প্রথমে মসজিদ কমিটি দ্বিধায় ছিলেন। পরে তারা বড় আলেম-ওলামাদের সাথে আলোচনা করে জানতে পারেন, ধর্মীয় প্রতিষ্ঠানে যে কেউ দান করতে পারে, এতে কোনো বাধা নেই। এরপরই তাকে অনুমতি দেওয়া হয়।
স্বপন জানান, তিনি কাজে কোনো কার্পণ্য করেননি। দেশি-বিদেশি নামি-দামি কোম্পানির টাইলস ব্যবহার করে ডিজিটাল ডিজাইনে অজুখানাটি নির্মাণ করেছেন। এর সৌন্দর্য দেখতে প্রতিদিন সকাল-বিকাল বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন।
এলাকাবাসীও তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মসজিদের এক মুসল্লি বলেন, "উনি একজন বিধর্মী হয়েও নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের মসজিদের অজুখানাটা সম্পূর্ণ করে দিয়েছেন। এখন তিনি প্রতি মাসে বিদ্যুৎ বিলেরও আংশিক দিতে চেয়েছেন। আমরা খুবই আনন্দিত।"
স্থানীয়দের মতে, স্বপনের পরিবারসহ এলাকার হিন্দু সম্প্রদায়ের কেউই এতে বিরূপ মন্তব্য করেননি, বরং সবাই খুশি। তার মা ও আত্মীয়-স্বজনরাও অজুখানা দেখতে এসেছেন।
স্বপন চন্দ্রের ভাষায়, I am very glad. আমি খুবই আনন্দিত। কথা ওই একটাই, ধর্ম যার যার ভালোবাসার সম্পর্ক অটুট থাকুক সবার সাথে সবার।"
ভোলার এই ঘটনা দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।