
সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) উপজেলা মিনি হলরুমে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি সোহেল সারোয়ার, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক (রিপন), উপজেলা বিএনপি'র সহ -সাধারণ সম্পাদক তারেকুজ্জামান টিটো, পৌর বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু ও আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এ সাফল্যে আয়োজকরা তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও দেশ-সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের এ সাফল্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের প্রধান বক্তা ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের উচ্চশিক্ষা গ্রহণ, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।