
ভোলা প্রতিনিধি: ভোলা জেলার পাঁচ কৃতী সন্তানকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকায় বসবাসরত ভোলাবাসীদের সংগঠন ভোলা সমিতি ঢাকা। সংবর্ধনা পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ও নুরুল ইসলাম নয়ন।
এ উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের ট্রপিক্যাল ক্যান্ট ভিউয়ে ভোলা সমিতির প্রশাসনিক কার্যালয়ে সংবর্ধনা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা কমিটির আহ্বায়ক, সমিতির সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, আয়োজনের পরিধি ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, ভোলার সন্তানরা দেশের রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, ক্রীড়া ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের এই অর্জন ভোলাবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। কৃতী সন্তানদের সম্মান জানানো এবং তাঁদের সঙ্গে ভোলার মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।
সভায় ভোলা সমিতি ঢাকার সভাপতি অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন হাওলাদার, দপ্তর সম্পাদক এস এম শফিউল্লাহ, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মোস্তাফিজ, সহসাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন হুমায়ুনসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মিরপুর আঞ্চলিক কমিটির সেক্রেটারি সারোয়ার আলম মমতাজ, মোহাম্মদপুর আঞ্চলিক কমিটির সেক্রেটারি হাজী ফরিদ উদ্দিন, উত্তরা আঞ্চলিক কমিটির সেক্রেটারি মো. সাখাওয়াত হোসাইন হাওলাদার, যাত্রাবাড়ী আঞ্চলিক কমিটির সেক্রেটারি আবুল খায়ের ও চেয়ারম্যান হাজী আব্দুল আজিজ, মহিলা কমিটির চেয়ারম্যান সালমা মমতাজ লিজা ও সেক্রেটারি সীমা আক্তার, বিবাহ প্রকল্পের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং সংবর্ধনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংবর্ধনা অনুষ্ঠানকে বর্ণাঢ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানের মাধ্যমে ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে জেলার কৃতী সন্তানদের প্রতি সম্মান ও শুভেচ্ছা জানানো হবে।