
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই - মো. নূরুল ইসলাম বুলবুল এমপি
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের নিজস্ব অর্থায়নে জেলা সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করা হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।”
বুলবুল এমপি আরও বলেন, হাসপাতালের চিকিৎসক সংকটসহ যেসকল সমস্যা বিদ্যমান রয়েছে সে-সব সমস্যা সমাধানে তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি আশা করেন, দ্রুত সমস্যা গুলো সমাধান হবে। তিনি বলেন,
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তা করার চেষ্টা অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান জানান, কিছুদিন আগে স্থানীয় সংসদ সদস্য জেলা সদর হাসপাতাল পরিদর্শনে আসেন এবং চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। তখন নূরুল ইসলাম বুলবুল এমপি, ডেঙ্গু শনাক্তকরণ কিট সহ বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় আজ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করেছেন। এসব কিট দিয়ে আগামী ৩/৪ মাসের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।