
মোঃ মিজানুর রহমান পঞ্চগড়ঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলার ২১৩টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চালের ডেলিভারি অর্ডার (ডিও) বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজা-অর্চনায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১১৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও তুলে দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, এই বাংলাদেশ সবার’-এই স্লোগানকে ধারণ করে বর্তমান সরকার দেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর। বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকায় হিন্দু-মুসলিম সবাই সমান অধিকার নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবেন। এর কোনো ব্যত্যয় হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও দেবীগঞ্জ ও বোদা উপজেলায় আট হাজার স্বেচ্ছাসেবীর সমন্বয়ে দল গঠন করা হয়েছে। এসব স্বেচ্ছাসেবী পূজা উদ্যাপনে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্নভাবে সহযোগিতা করবেন।
ধর্মীয় উসকানি দিয়ে পূজা-অর্চনায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা। এ সময় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল দে সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিশ রায়।
এর আগে শুক্রবার সকালে বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরে তিনি বোদা উপজেলার ৯৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও তুলে দেন। সেখানেও প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।
বোদার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অন্নদা প্রসাদ এবং উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়ালিফ মন্ডলসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।