
ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল ইয়ামেনী সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার ঘটনায় ২ বাংলাদেশি সহ ১২ নিহত হয়েছেন এবং আরও ৪জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। উক্ত হামলার নিন্দা জানিয়ে হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস।
আজ এক শোকবাণীতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নিহততের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্ত্রপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নিহত ২ বাংলাদেশীর লাশ দ্রুত দেশে এনে দাফনে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন। আহতদের উন্নত সেবা নিশ্চিতে দাবি জানান।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ মধ্যপ্রাচ্যে চলমান সংকট ও সংঘর্ষে প্রবাসী বাংলাদেশীদের আরো নিরাপত্তা নিশ্চিত ও সতর্কতা অবলম্বনের জন্য বাংলাদেশ সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ চলমান সংঘাত বন্ধে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।