
রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পণ্যের গুণগত মান নিশ্চিত করা, সঠিক পরিমাপের চর্চা বাড়ানো এবং ভোক্তা অধিকার সুরক্ষায় মান নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় এ সভার আয়োজন করে।
বুধবার (১৪ অক্টোবর) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ময়মনসিংহের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ এমদাদুল হুদা এবং দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মনসুর আলম (চন্দন)।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনিছুর রহমান মজুমদার। তিনি পণ্যের মান, খাদ্যনিরাপত্তা এবং মানসম্মত উৎপাদনের মতো বিষয়ে আলোচনা করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিসপ্রধান সঞ্জয় কুমার সরকার।
আলোচনায় বিশ্ব মান দিবসের তাৎপর্য এবং উৎপাদন ও বিপণনের বিভিন্ন পর্যায়ে মান বজায় রাখার প্রয়োজনীয়তা গুরুত্ব পায়। মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শুধু ব্যবসায়িক সুনাম বাড়ায় না, বরং ভোক্তাদের আস্থা অর্জন এবং জনস্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ করে খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে নির্ধারিত মান অনুসরণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং মান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা জরুরি। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিশ্ব মান দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে পণ্যের মানোন্নয়ন, সঠিক পরিমাপের চর্চা এবং ভোক্তাস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।