
শাহজাহান মিয়া, সুন্দরগঞ্জ: মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন সুজন মিয়া (৩০)। মাদকের পথ থেকে ফিরে নতুনভাবে জীবন গড়তে হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিয়ে তিনি সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক থেকে ফিরে আসতে আগ্রহীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আন্দোলনের কর্মীরা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জে মাদকবিরোধী মিছিলে অংশ নিয়ে সুজন এ অঙ্গীকার করেন। তিনি পীরগাছা উপজেলার ৯ নম্বর কান্দি ইউনিয়নের পশ্চিম পাঠকশিকড় (কলেরপাড়) গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।
মিছিলে সুজন বলেন, 'আমি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। জীবনে আর মাদকের পথে যেতে চাই না। সুন্দরভাবে জীবন গড়তে চাই। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।'
হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি আব্দুর রহমান (শিপন) বলেন, 'মাদকের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কেউ মাদকের পথ থেকে ফিরে আসতে চাইলে তাঁকে অবহেলা না করে সহযোগিতা করতে হবে। সুজনের এই অঙ্গীকারকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তিনি যেন সিদ্ধান্তে অটল থাকতে পারেন, সে জন্য আমরা তাঁর পাশে থাকতে চাই।'
তিনি আরও বলেন, 'মাদকমুক্ত সমাজ গড়তে শুধু মিছিল বা স্লোগান যথেষ্ট নয়। পরিবার, সমাজ ও তরুণদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। যারা মাদক থেকে ফিরে আসতে চান, তাঁদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করতে হবে।'
এ সময় হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংবাদিক জমির উদ্দিন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তা, মো. শামীম মিয়া, আন্দোলনের সদস্য হারুন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।