
সাব্বির হোসাইন, কালীগঞ্জ সংবাদদাতা : জনপ্রতিনিধির পদে না থেকেও এলাকায় সামাজিক ও নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদানের মাধ্যমে প্রশংসিত হচ্ছেন মুহাম্মদ মাহমুদুল হাসান। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছেলাদী (খাগড়ার চর) গ্রামের এই বাসিন্দা দীর্ঘদিন ধরে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মাহমুদুল হাসান ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতায় এলাকার নানা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। সুবিধাভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিজ উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার, অসহায় ও দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা, বস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সার্বিক সহায়তা দিয়ে আসছেন।
একই সঙ্গে অসহায়দের বাসস্থান নির্মাণ ও সংস্কার, কৃষকদের মাঝে গবাদিপশু (ছাগল ও গরু) বিতরণ এবং কীটনাশক বিতরণের মতো কার্যকর উদ্যোগও গ্রহণ করেছেন তিনি। এছাড়া সামাজিক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে মসজিদ নির্মাণ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মতো কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সমাজ সচেতনতামূলক কাজের অংশ হিসেবে মাদকমুক্ত সমাজ গঠন ও ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণেও তাঁর প্রচারণা চোখে পড়ার মতো।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিমত প্রকাশ করে বলেন, পদের তোয়াক্কা না করে মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে তিনি সাধারণ মানুষের হৃদয়ে আস্থা অর্জন করেছেন। জামালপুর ইউনিয়ন ও কালীগঞ্জের সর্বস্তরের জনগণ মনে করেন, এলাকা ও অবকাঠামোগত সার্বিক উন্নয়নের পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই ও মামলা-বাণিজ্যের মতো অপকর্ম দূর করে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ পরিবেশ গঠনে মুহাম্মদ মাহমুদুল হাসানের মতো নিবেদিতপ্রাণ ব্যক্তির নেতৃত্ব জরুরি।
এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন স্থানীয় নির্বাচনে তিনি জনপ্রতিনিধি হিসেবে অংশ নিয়ে সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবেন।