
রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহে ওসমানী মেডিকেল ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটিভ মেডিসিনের নতুন ক্যাম্পাস উদ্বোধন ও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি অভিভাবক সম্মেলন, প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল অব ইন্টিগ্রেটিভ মেডিসিন, বাংলাদেশের (এনসিআইএম) রেজিস্ট্রার ও ন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এনএমএ) মহাসচিব অধ্যাপক ডা. এম জি ভূঁঞা।
তিনি বলেন, ইন্টিগ্রেটিভ মেডিসিনবিষয়ক এ কোর্স বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে পারে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করে নবীন শিক্ষার্থীরা চিকিৎসাসংশ্লিষ্ট ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগের সঙ্গে পড়াশোনা করে নিজেদের দক্ষতা ও যোগ্যতা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটিভ মেডিসিন, ময়মনসিংহের প্রিন্সিপাল ডা. আজহারুল করিম আকিব এবং প্রতিষ্ঠানের প্রভাষক ডা. জেরিন তাসনিম।
আলহাজ্ব এম এ মোত্তালিবের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়ারেন্ট অফিসার মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন।
নতুন ক্যাম্পাস উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। নবীন শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাজীবনের সূচনা এবং মেধাবীদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।