
রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো প্রধান: ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ইটভাটা মালিকদের সাথে ইট ভাটায় পরিবেশ দূষণ ও ব্লক ইটের গুরুত্বারোপ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কার্যালয়ের উপপরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাবিকুন্নাহার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাজমুল হুদা। তিনি পরিবেশ আইন মেনে ইটভাটা মালিকদের ভাটা পরিচালনা করার নির্দেশনা দেন। তিনি ব্লক ইটের প্রতি ভাটা মালিকদের এগিয়ে আসার আহবান জানান।
ইটভাটা আইন ও পরিবেশ দূষণ সম্পর্কে বিশদ আলোচনা করেন ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ। তিনি ফিক্সড চিমনির ভাটাগুলো বন্ধ রাখার কথা জানান।
এসময় ময়মনসিংহ জেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম, সেক্রেটারি শাহজাহান মিয়া, সহসভাপতি কাঞ্চন মিয়া, মোস্তফা কামাল সহ বিভিন্ন উপজেলার ইটভাটা মালিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি খোরশেদ আলম পরিবেশ অধিদপ্তরের পরিচালকের উদ্দেশ্যে বলেন, আমাদের কে এই বছরের জন্য ফিক্সড চিমনি ইটভাটা গুলো চালু করার সুযোগ দিন। যেহেতু আমরা ইতিমধ্যেই ভাটা চালু করে দিয়েছি। পরের বছর থেকে আমরা নিজ দায়িত্বে এগুলো বন্ধ করে দিবো।