
রুহুল আমিন বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পুনঃখনন কার্যক্রম শুরু করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়া সদর, শাজাহানপুর, শেরপুর ও শিবগঞ্জ উপজেলায় একাধিক প্যাকেজে নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরেই প্রকল্পের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো দিন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন।
সরকারি ই-জিপি তথ্য অনুযায়ী, বগুড়া সদরে ৪ দশমিক ৫ কিলোমিটার, শাজাহানপুরে ২ দশমিক ৫ কিলোমিটার, শেরপুরে ৪ কিলোমিটার এবং শিবগঞ্জে ৫ কিলোমিটার নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে চার উপজেলায় ১৬ কিলোমিটার নদী খননের পরিকল্পনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) জানিয়েছেন, করতোয়া নদী পুনঃখননের কাজ অতি দ্রুত শুরু করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো দিন প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তোফিকুর রহমান বলেন, প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করেছেন। নভেম্বর মাসেই করতোয়া নদী উন্নয়ন প্রকল্পের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন অংশে নাব্যতা সংকট, দূষণ ও দখলের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নদী পুনঃখনন করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
তবে প্রকল্পের সুফল পেতে খননকাজের গুণগত মান নিশ্চিত করা, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রকল্পের প্রতিটি ধাপে নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।