
রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। এ বছরের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
রোববার (১ নভেম্বর) সকালে দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা পরিষদের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়।
সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুণ-অর-রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে যুবসমাজকে কাজে লাগাতে পারলেই দেশ এগিয়ে যাবে। দেশের জনসংখ্যার বড় একটি অংশ যুবসমাজ। এই জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করা গেলে অর্থনীতি ও উন্নয়নের অগ্রগতি ত্বরান্বিত হবে। অন্যথায় বিপুল এই জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
অনুষ্ঠান শেষে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।