
সাইফুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব মেলাসহ নানা আয়োজনে বান্দরবানে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে বান্দরবান শহরের বালাঘাটায় যুব ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের কনভেনিং কমিটির আহ্বায়ক অংজাই উই চাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা জামায়াতের আমীর এসএম আব্দুস সালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপপরিচালক মো. সেলিম উদ্দিন এবং বিএনপি নেতা মো. আবু তাহের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এনায়েত করিম। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের ডিপিসি মোখলেসুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, বালাঘাটা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, যুব সংগঠক এবং বিপুলসংখ্যক তরুণ-তরুণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবান সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুবু প্রু মারমা।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পাশাপাশি যুব মেলায় তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া তিনটি যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং দেশ গঠনে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করতে হবে। তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।