
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন। পরে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তাঁরা হামলার শিকার হন। পরে আহত তিন সদস্যকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আহত ডিবি সদস্যদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, ‘শুনেছি, পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাঁদের নাম উল্লেখ নেই।’
ঘটনায় কারা জড়িত এবং কী কারণে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছে।’
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘আমি পুরো ঘটনা জানি না। আমার অফিসাররা সেখানে গেছেন। জেনে পরে জানাব।’