
সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪ নং টগরবন্দ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
বর্তমান মেয়াদ চলতি বছরের শেষের দিকে পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে আগামী বছরের ২১ জানুয়ারিতে প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন হওয়ার ঘোষণাকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান এর সঙ্গে কথা হলে তিনি আগামী নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান।
দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় দলমত-নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে দলীয়করণ কিংবা কোনো ধরনের বিভাজনকে প্রশ্রয় না দিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাকে তিনি গুরুত্ব দিয়েছেন।
এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করাই ছিল তাঁর মূল লক্ষ্য। তাঁর দাবি, দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অভিযোগ ওঠেনি।
আসন্ন নির্বাচনে পুনরায় জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটারদের মতামতই হবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয়।