
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় তাঁর পৈতৃক বাস্তুভিটায় এ উপলক্ষে আয়োজন করা হয় লাঠিখেলা
আলোচনা সভায় বক্তারা বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। তাঁর সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর রচনা ও চিন্তাচর্চা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদান চিরকাল অম্লান হয়ে থাকবে।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর মাহবুবুর সাদিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে লাঠিখেলা উপস্থিত দর্শকদের বাড়তি আকর্ষণ জোগায়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জন্মবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মুসলিম ঔপন্যাসিক হিসেবে পরিচিত। সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতা ও সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন এই খ্যাতিমান সাহিত্যিক। তাঁর কালজয়ী সাহিত্যকর্মের মধ্যে ‘বিষাদ-সিন্ধু’ বিশেষভাবে উল্লেখযোগ্য।