
দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ, প্রচার করা হলো জরুরি হটলাইন ১০২
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ও বাণিজ্যিক এলাকা চকবাজারে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা এবং জনসচেতনতা বাড়াতে অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত চকবাজার এলাকায় এ কর্মসূচি শুরু হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের নির্দেশনায় আয়োজিত এ উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, দোকানমালিক, বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন।
কর্মসূচির শুরুতে অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসার ওপর একটি বাস্তবভিত্তিক মহড়া অনুষ্ঠিত হয়। এতে সিদ্দিকবাজার ও লালবাগ ফায়ার স্টেশনের কর্মীরা যৌথভাবে অংশ নেন। মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়, বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার করতে হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হয়, তা হাতে-কলমে দেখানো হয়।
মহড়া শেষে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অগ্নিপ্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষ করে অগ্নিনির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের নিয়ম এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল শেখানো হয়।
এ সময় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিনির্বাপণের উপযুক্ত যন্ত্র না থাকলে নির্দিষ্ট পরিস্থিতিতে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুনের ওপর চাপা দিয়ে আগুন নেভানোর কৌশল প্রয়োগ করা যেতে পারে। পাশাপাশি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নিরাপদে তা নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়েও প্রদর্শনী ও ব্যবহারিক অনুশীলন করানো হয়।
অনুষ্ঠানে দোকানমালিক সমিতির সহসভাপতি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার), সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচির শেষ পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা চকবাজারের বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়।
এ ছাড়া অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। জরুরি প্রয়োজনে নম্বরটি সহজে মনে রাখার জন্য বিভিন্ন দোকান ও স্থাপনায় ১০২-সংবলিত স্টিকারও লাগানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোন কমান্ডার ফয়সালুর রহমান ও মোহাম্মদ এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা ও মো. মোস্তাফিজুর রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
ফায়ার সার্ভিসের এ উদ্যোগকে পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও বাণিজ্যিক এলাকায় অগ্নিঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুধু অগ্নিকাণ্ডের পর উদ্ধার তৎপরতা নয়, বরং আগুন লাগার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা এবং স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করা গেলে বড় ধরনের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।