
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের আশু রোগমুক্তি কামনায় আজ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর পল্টনে বাংলাদেশ কল্যাণ পার্টির অস্থায়ী কার্যালয়, আল-আমিন ইসলাম টাওয়ারে ১২ দলীয় জোটের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি ড. গোলাম মহিউদ্দিন ইকরাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় জোটের সমন্বয়ক শামসুদ্দিন পারভেজ, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইসলামি ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নানসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, মোস্তফা জামাল হায়দার দেশের গণতান্ত্রিক রাজনীতির একজন প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতা এবং ১২ দলীয় জোটের প্রধান। তাঁর অসুস্থতা জোটের সর্বস্তরের নেতাকর্মীদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে জোট প্রধানের পূর্ণাঙ্গ সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর প্রতিও তাঁর জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।