
ডিআরইউকে সিড মানির আওতায় আনার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর, মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইনডিপেনডেন্ট টেলিভিশন
সৈয়দ আখতার সিরাজী: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আশা প্রকাশ করে বলেছেন, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের কাঙ্ক্ষিত শিরোপা জয় করবে।
তিনি বলেন, “২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের একজন গর্বিত সদস্য ছিলাম আমি। আশা করেছিলাম, ২০২৬ সালে নতুন একটি দল সেই সাফল্যের পুনরাবৃত্তি করবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমাদের অপেক্ষা দীর্ঘ হলো। আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের কাঙ্ক্ষিত শিরোপা জিতবে।”
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর পল্টনের আউটার স্টেডিয়ামে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পরাজয়ের পরও বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সঙ্গে পুরো টুর্নামেন্টে দর্শকদের সমর্থন ও ফুটবলের প্রতি মানুষের আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) সিড মানির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ডিআরইউর ক্রীড়া দল দেশের ক্রীড়াঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
এদিকে, ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে তারা ৩ উইকেটে চ্যানেল ২৪-কে হারিয়ে শিরোপা জিতে নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে চ্যানেল ২৪ নির্ধারিত সময়ের আগেই ৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সজীব ১৬ এবং রেদওয়ান শুয়েব ৯ রান করেন। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ছেরাজুল মুস্তাহেদিন দুটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইনডিপেনডেন্ট টেলিভিশন ৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান করে জয় নিশ্চিত করে। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে মাজহারুল ইসলাম ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই দলের ছেরাজুল মুস্তাহেদিন টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার পান।
এর আগে দিনের দুটি সেমিফাইনালে ইনডিপেনডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ ২৪ ডটকমকে এবং চ্যানেল ২৪ ১৩ রানে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে ওঠে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের উপব্যবস্থাপক মো. মারুফ বিল্লাহ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিলটন।
খেলা ও অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য আলী আজম, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী।