
নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার পরামর্শ, শিক্ষার্থীদের দিলেন পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার তিন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী। তাদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।
এ ছাড়া আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী ও দুজন শিক্ষকও এ সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হওয়া প্রয়োজন। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তিনটি বিশেষ পরামর্শ দেন। প্রথমত, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে। দ্বিতীয়ত, নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে বর্ষাকালে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। তৃতীয়ত, পাখিসহ সব ধরনের প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করতে হবে।
প্রধানমন্ত্রীর এসব পরামর্শে নাগরিক দায়িত্ববোধ, পরিবেশ সংরক্ষণ এবং জীবের প্রতি সহমর্মিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতিমূলক ব্রিফিংয়ে অংশ নেয়। পরে তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করে এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করে।
পরিদর্শন শেষে সংসদ ভবনের নর্থ প্লাজায় শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।
এ সময় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতাউর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।