
সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক না প্রশাসনিক সংস্কার—১৮ নভেম্বর মুখোমুখি চার সাংবাদিক সংগঠন
সৈয়দ আখতার সিরাজী: ডিবেট ফর ডেমোক্রেসি-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক), ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ডিবেটিং ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামকে পরাজিত করে বিএসআরএফ, ক্র্যাবকে হারিয়ে র্যাক এবং রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামকে পরাজিত করে সিএমজেএফ সেমিফাইনালে ওঠে। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে পরাজিত দলগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করায় চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে ক্র্যাব।
আগামী ১৮ নভেম্বর সকাল ১০টায় ডিআরইউ ডিবেটিং ক্লাব কক্ষে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এতে নকআউট পদ্ধতিতে চারটি দল দুটি পৃথক বিতর্কে অংশ নেবে। বিজয়ী দুই দল চূড়ান্ত পর্ব বা গ্র্যান্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সেমিফাইনালে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে—‘সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কারের চেয়ে প্রশাসনিক সংস্কারের গুরুত্ব অধিক জরুরি’।
প্রথম সেমিফাইনালে গ্রুপ-এতে প্রস্তাবের পক্ষে অবস্থান নেবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। বিপক্ষে যুক্তি উপস্থাপন করবে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)।
দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ-বিতে প্রস্তাবের পক্ষে বিতর্ক করবে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক)। বিপক্ষে অবস্থান নেবে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ—এমন একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এবারের সেমিফাইনালে যুক্তি, পাল্টা যুক্তি ও তথ্যনির্ভর বিশ্লেষণের লড়াই জমে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
সোমবারের কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, আজকের দর্পণ সম্পাদক আতিকুর রহমান, ডিআরইউ ডিবেটিং ক্লাবের সদস্যসচিব শেখ মো. আরীফ, ক্লাবের কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম, ডিআরইউর জ্যেষ্ঠ সদস্য আশীষ কুমার দে, সৈয়দ আখতার সিরাজী এবং ডিবেট ফর ডেমোক্রেসির প্রতিনিধি কাওসার আলম।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও গঠনমূলক বিতর্কের চর্চা বাড়ানোর লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেমিফাইনালের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি এখন চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
Is this conversation helpful so far?