
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও দারু সালাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ১৬ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাম্প্রতিক এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান আন্তর্জাতিক অঙ্গনে একজন পরিচিত শিক্ষাবিদ। তিনি বিদেশের মাটিতে বাংলাদেশি পাসপোর্টধারী প্রথম উপাচার্য হিসেবে দারু সালাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাজীবনের পাশাপাশি তাঁর রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা। তিনি সাবেক ছাত্রনেতা ও যুবনেতা। নব্বইয়ের দশক থেকে দেশের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি নিষ্ঠা এবং নেতৃত্বের সক্ষমতা বিবেচনায় নিয়ে তাঁকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ পদে নির্বাচিত করায় তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
শিক্ষা ও রাজনীতির অভিজ্ঞতার সমন্বয়ে নতুন দায়িত্বে প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।