
বৈষম্যমূলক সংশোধন বন্ধ, বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনর্বহাল ও পুশ-ইন বন্ধের দাবি
ডেস্ক রিপোর্ট: ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের নাম বাদ পড়া এবং এতে মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটারদের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় ও ভাষাগত পরিচয়ের ভিত্তিতে মুসলিমদের ভোটাধিকার সংকুচিত করার পাশাপাশি তাঁদের নাগরিকত্বের নিরাপত্তাও ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।
এ পরিস্থিতিতে বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ, বাদ পড়া প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ-ইন বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এসব দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাঁদের প্রায় ৭০ শতাংশ মুসলিম বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাঁদের অভিযোগ, বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথিপত্র থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি তাঁদের কাউকে কাউকে 'অবৈধ অনুপ্রবেশকারী' আখ্যা দিয়ে আটক এবং বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগও উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার পরিপন্থী বলে মন্তব্য করেন তাঁরা।
ভারতের নিজস্ব নির্বাচনী আইন ও সংবিধানের বিধান তুলে ধরে ছাত্রশিবিরের নেতারা বলেন, গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১(৩) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিতে পারে। তবে একই আইনের ২২ নম্বর ধারা এবং Registration of Electors Rules, 1960-এর ২১এ বিধিতে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের যুক্তিসংগত সুযোগ দেওয়ার বিধান রয়েছে।
তাঁদের মতে, ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা থাকলেও তা প্রয়োগের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া, স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করা অপরিহার্য। কোনো ব্যক্তির ধর্মীয় পরিচয় বা ভাষার ভিত্তিতে তাঁর ভোটাধিকার খর্ব করার সুযোগ নেই।
ভারতের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ১৫ নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিককে অধিকারবঞ্চিত করা দেশটির সাংবিধানিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, ভারতে মুসলিমদের নাগরিক, ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সংকুচিত হওয়ার বিষয়টি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তাঁদের ভাষ্য, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বিতর্ক, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের উদ্যোগ এবং ওয়াকফ সম্পত্তি-সংক্রান্ত আইনসহ বিভিন্ন পদক্ষেপ মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
এ ছাড়া বিভিন্ন রাজ্যে গরু জবাই ও গো-মাংসের ওপর নিষেধাজ্ঞা, মসজিদ ভাঙা এবং বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা উচ্ছেদের অভিযোগও তুলে ধরেন তাঁরা।
ছাত্রশিবিরের নেতাদের দাবি, এসব পদক্ষেপের ধারাবাহিকতায় বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে মুসলিমদের শনাক্ত করা, ভোটাধিকার থেকে বাদ দেওয়া এবং শেষ পর্যন্ত বিতাড়নের ঝুঁকি তৈরির একটি বৃহত্তর প্রবণতা হিসেবে দেখা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, নাগরিকদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা গ্রহণযোগ্য হতে পারে না।
এ অবস্থায় ভারতের সরকারের প্রতি অবিলম্বে বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বন্ধ, প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ-ইন বন্ধের জোর দাবি জানান ছাত্রশিবিরের নেতারা।
একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার প্রশ্নে দ্বৈতনীতি পরিহারের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন।
ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ভোটাধিকার শুধু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নয়, এটি নাগরিকের রাজনৈতিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি।