
নিজের পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান; খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও ইতিহাস চর্চার ওপর গুরুত্বারোপ
অনলাইন ডেস্ক: শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা, পরীক্ষায় ভালো ফল কিংবা জিপিএ-৫ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, দেশের ইতিহাস এবং অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। একই সঙ্গে নিজের স্বার্থের বাইরে সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার এ আহ্বান জানিয়ে বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীকে শুধু নিজের জন্য নয়, বরং পরিবার, সমাজ, পরিবেশ ও রাষ্ট্রের কল্যাণেও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সাক্ষাৎকারী শিক্ষার্থীরা হলো কালাকোপা উচ্চবিদ্যালয়, বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয় ও কলেজ এবং সেন্ট ইউফ্রেজিস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থী।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একসময় তারা পড়াশোনা শেষ করে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী, শিক্ষকসহ বিভিন্ন পেশায় যুক্ত হবে। ভবিষ্যতে যে পেশাতেই তারা নিজেদের প্রতিষ্ঠিত করুক না কেন, ব্যক্তিগত স্বার্থের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্বের কথা সবসময় মনে রাখতে হবে।
তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন সচেতন ও বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ এবং পরিবেশের প্রতি দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এজন্য শুধু নিজের সাফল্য নিয়ে ভাবলে চলবে না; অন্যের কল্যাণ এবং দেশের উন্নয়নেও ভূমিকা রাখার মানসিকতা তৈরি করতে হবে।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ, শিল্প ও সংস্কৃতিচর্চা এবং দেশের ইতিহাস সম্পর্কে জানার পরামর্শ দিয়ে তিনি বলেন, জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পরিধি পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।
প্রধানমন্ত্রী বলেন, শুধু পরীক্ষায় পাস করা কিংবা ভালো ফলের জন্য পাঠ মুখস্থ করাই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। পাঠ্যবইয়ের বাইরেও জানার ও শেখার অনেক বিষয় রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করবে এবং তাদের পরিপূর্ণ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
শিক্ষাবিদদের মতে, প্রধানমন্ত্রীর এই বক্তব্য শিক্ষার প্রচলিত ফলাফলকেন্দ্রিক ধারণার বাইরে গিয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের গুরুত্ব তুলে ধরে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সামাজিক সচেতনতা, সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও দেশপ্রেমের সমন্বয়েই একজন শিক্ষার্থী ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।