
কালীগঞ্জ সংবাদদাতা: মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অধিক মনোযোগী ও প্রতিযোগিতাপূর্ণ করে গড়ে তোলার লক্ষ্যে কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা। গতকাল রোববার সকাল ১০টায় দুর্বাটি এম.ইউ কামিল মাদ্রাসায় এই পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় সফলভাবে সম্পন্ন হয়।
প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্তরের মোট ৪৩৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরীক্ষা কেন্দ্র এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষার কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন দুর্বাটি এম.ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন এবং মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক মাহমুদুল হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা। এ সময় তারা পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষার্থীদের শুভকামনা জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার স্পৃহা বৃদ্ধি এবং তাদের মেধাবিকাশ নিশ্চিত করতেই মূলত এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবক মহল। অভিভাবকদের মতে, মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের এমন যুগোপযোগী পদক্ষেপের ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি নিবেদিতপ্রাণ হয়ে উঠছে। এ ধরনের প্রতিযোগিতামূলক মূল্যায়ন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এবং ভবিষ্যতের জন্য যোগ্য করে তুলতে কার্যকরী ভূমিকা রাখবে।