
ভবন নির্মাণ ও সম্পত্তি নিয়ে বিরোধ, দেবর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ভবন নির্মাণ ও সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ৩৫ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় অবরুদ্ধ জীবনযাপন করছেন সৌদি আরবপ্রবাসী মাসুমের স্ত্রী ও সন্তানরা। তাঁদের মারধর, ভবনের দরজা-জানালা বন্ধ করে রাখা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর ছোট ভাই শাহাদাত ও তাঁর স্ত্রী আফরোজার বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের দাবি, বাড়ির গেট ও জানালায় তালা লাগিয়ে এবং কিছু অংশ ঝালাই করে তাঁদের চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে তাঁদের। বর্তমানে পাশের ভবনের ছাদ দিয়ে চলাচল করতে হচ্ছে পরিবারটিকে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কেরোয়া ইউনিয়নের তৃনা গাজী হাওলাদার বাড়িতে। ওই বাড়ির মৃত মোস্তফার তৃতীয় ছেলে সৌদি আরবপ্রবাসী মাসুমের স্ত্রী তাজনেহার আক্তার নিপু ও তাঁদের সন্তানরা এ পরিস্থিতির শিকার বলে অভিযোগ করেছেন।
তাজনেহার আক্তার নিপু বলেন, গত ১০ নভেম্বর বিকেলে তাঁর দেবর শাহাদাত ও দেবরের স্ত্রী আফরোজা তাঁকে ও তাঁর সন্তানদের মারধর করে আহত করেন এবং হত্যার হুমকি দেন। একই সঙ্গে স্বামী ও দেবরের যৌথ উদ্যোগে নির্মিত ভবন থেকে তাঁদের বের হয়ে যেতে বলেন। তাঁরা বের না হওয়ায় ভবনের গেট ও জানালায় তালা লাগিয়ে দেন এবং কিছু অংশ ঝালাই করে বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ১৫ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে শাহাদাত ও তাঁর স্ত্রী এসে তাঁদের ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এ সময় গালমন্দ ও হত্যার হুমকিও দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল ঘটনাস্থলে গিয়ে দরজার তালা খুলে দেন।
তাজনেহার জানান, ১৫ অক্টোবর তাঁদের দ্বিতীয় তলার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর ১০ নভেম্বর বিকেলে আবারও তাঁকে ও তাঁর সন্তানদের মারধর করে আহত করা হয় এবং বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। বর্তমানে ভবনের বিভিন্ন স্থানে ও তাদের দরজা বরাবর সিসিটিভি ক্যামেরা স্থাপন করে তাঁদের আপত্তিকর ভিডিও নেওয়া হয় এবং নজরদারিতে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে নিজের ও সন্তানদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন তাজনেহার আক্তার নিপু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীন ও অবরুদ্ধ অবস্থায় সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় তাঁদের ওপর আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ পরিস্থিতিতে নিজের ও সন্তানদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মাসুম ও শাহাদাতের মা নূর জাহান বলেন, মাসুম ও তাঁর ছোট ছেলে শাহাদাত যৌথভাবে বসবাসের উদ্দেশ্যে ভবনটি নির্মাণ করেন। পরিকল্পনা ছিল প্রথম তলা শেষ করার পর পর্যায়ক্রমে আরও দুটি ছাদ নির্মাণ করা হবে। ভবনটিতে তিন ছেলের থাকার কথা ছিল। তবে প্রথম তলা নির্মাণের পরই বিরোধ সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ছাদ নির্মাণ না হওয়ায় বড় ছেলে মাসুম নিজ উদ্যোগে দ্বিতীয় তলায় ছাদ ছাড়াই টিনের ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। বর্তমানে প্রথম তলায় শাহাদাত থাকেন।
তিনি বলেন, ‘আমি মা হিসেবে সব ছেলেকেই সমান দেখি। আমি চাই, বিষয়টির সুষ্ঠু সমাধান হোক। কেউ একজন অভিভাবক হয়ে বিষয়টি মীমাংসা করে দিক।’
অভিযোগের বিষয়ে জানতে শাহাদাতের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে রায়পুর থানার উপপরিদর্শক জামাল বলেন, গত ১৫ অক্টোবর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে মাসুমের স্ত্রী ও সন্তানদের ঘরের দরজায় বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে তালা খুলে দিয়ে তাঁদের আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূইয়া বলেন, শাহাদাতের স্ত্রী আফরোজার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। ইতোমধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি শাহাদাতকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।