
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুরে, আলফাডাঙ্গা উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব।
এসময় আরো উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম রায়হানুর রহমান । আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহেল সরওয়ার । আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন, নায়াবে আমীর এসএম রিদওয়ানন্নবী রিদওয়ান, সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি সাঁতার প্রতিযোগিতা পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক দরিদ্র কৃষকদের মাঝে ২৫টি গরুর বাছুর উপহার হিসেবে বিতরণ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন।
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে ক্রীড়া চর্চার প্রসারের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।
নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের মূল উদ্দেশ্য সেবার মান নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তব অগ্রগতি দেখা। জনগণ যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আলফাডাঙ্গার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে জেলা প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ জুবায়ের হাবিব বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি হবে। আলফাডাঙ্গার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং জাতীয় পর্যায়ে উপজেলার সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করেন। পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
দিনব্যাপী এ সফরে একদিকে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়, অন্যদিকে নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্যোগও এগিয়ে নেওয়া হয়।