
৫টি মহাদেশের ৩১টি দেশে শতাধিকবার আন্তর্জাতিক ভ্রমণের অভিজ্ঞতা থেকে কিছু বাস্তব কথা
মোহাম্মদ তাফহীমুর রহমান: ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশিয়া, আফ্রিকা, ইউরোপ, ওশেনিয়া ও উত্তর আমেরিকা—এই ৫টি মহাদেশের ৩১টি দেশে শতাধিকবার আন্তর্জাতিক ভ্রমণের সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ ভ্রমণের পথচলায় বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং ও ইমিগ্রেশন সিস্টেম কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে।
দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটি বিষয় খুব পরিষ্কার বুঝেছি—বাংলাদেশের পাসপোর্ট নিয়ে উন্নত দেশের টুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে মূল বাধা শুধু ব্যাংকে টাকার অভাব নয়; বরং সঠিক উপায়ে নিজের তথ্য ও প্রোফাইল তুলে ধরতে না পারা।
অনেকের মনেই প্রশ্ন থাকে, বাংলাদেশি আবেদনকারীদের ভিসা এতো বেশি কেন রিজেক্ট হয়? নিচে রিজেকশনের মূল কারণ এবং তা থেকে উত্তরণের কার্যকর উপায়গুলো আমার দৃষ্টিতে তুলে ধরছি:
ভিসা রিজেক্ট হওয়ার প্রধান কারণসমূহ
১. বিভিন্ন দেশের আবেদনে তথ্যের গরমিল থাকা:
অধিকাংশ উন্নত দেশ (যেমন—শেনজেনভুক্ত দেশসমূহ, কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) তথ্য আদান-প্রদান করে এবং তাদের বিশ্বস্ত অনলাইন সার্ভার রয়েছে। এক দেশে দেওয়া তথ্যের সাথে অন্য দেশের আবেদনে দেওয়া তথ্যের (যেমন: পেশা, আয়, পারিবারিক তথ্য) গরমিল থাকলে ভিসা অফিসার সহজেই তা ধরে ফেলেন এবং আবেদন বাতিল করেন।
২. ইন্টারভিউয়ে আত্মবিশ্বাসের অভাব ও তথ্যের অমিল:
অনেক দেশের এম্বাসি সরাসরি অথবা ফোনের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে থাকে। লিখিত আবেদনপত্র ও কভার লেটারে দেওয়া তথ্যের সাথে ইন্টারভিউতে বলা কথার মিল না থাকলে বা উত্তর দিতে দ্বিধাবোধ করলে ভিসা রিজেক্ট হয়ে যায়।
৩. স্বদেশে ফিরে আসার যৌক্তিক প্রমাণের অভাব:
ভিসা অফিসারদের সবচেয়ে বড় সংশয় থাকে আবেদনকারী ভ্রমণ শেষে দেশে ফিরবেন কি না। স্থায়ী চাকরি, ব্যবসা, সামাজিক পরিচিতি বা পারিবারিক দায়বদ্ধতা সঠিকভাবে না দেখালে ভিসা পাওয়া কঠিন। কারণ আমাদের অতিত রেকর্ড ভালো না।
৪. ব্যাংক ব্যালেন্সের চেয়ে 'অর্থের উৎস' অস্পষ্ট থাকা:
অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকলেও সেই টাকার বৈধ ও আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ উৎস না দেখানো। আবেদনের ঠিক আগে ব্যাংকে হঠাৎ বড় অঙ্কের টাকা জমা করাকে ভিসা অফিসার অত্যন্ত সন্দেহজনক মনে করেন।
৫. নথিপত্রে অসঙ্গতি ও ভুয়া কাগজ জমা দেওয়া:
ইনকাম ট্যাক্স ফাইল, ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসা/চাকরির কাগজপত্র ও কভার লেটারের তথ্যে মিল না থাকা কিংবা এজেন্সির প্ররোচনায় কোনো ভুয়া নথি ব্যবহার করা।
৬. অবাস্তব ও অতি-উৎসাহী ভ্রমণ পরিকল্পনা:
নিজের আয় ও সামর্থ্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ বাজেট দেখানো, ভুয়া হোটেল বুকিং অথবা অল্প কয়েক দিনের মধ্যে অযৌক্তিকভাবে অনেক শহর ঘোরার কাল্পনিক ট্রাভেল প্ল্যান পেশ করা।
৭. গতানুগতিক কভার লেটার ও তথ্য গোপন করা:
এজেন্সির তৈরি করা কপি-পেস্ট কভার লেটার ব্যবহার করা এবং পূর্বে কোনো দেশের ভিসা রিজেক্ট হয়ে থাকলে তা লুকিয়ে রাখা।
ভিসা রিজেকশন এড়াতে উত্তরণের কার্যকর উপায়
১. সব দেশের আবেদনের তথ্যে শতভাগ সামঞ্জস্য রাখুন: যেকোনো দেশে আবেদনের সময় আগের আবেদনের তথ্যের সাথে মিল রেখে সব নথিপত্র প্রস্তুত করুন। কোনো তথ্য গোপন বা পরিবর্তন করবেন না।
২. ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি রাখুন: আপনার কভার লেটার ও আবেদনে কী তথ্য দিয়েছেন তা ভালোভাবে জেনে রাখুন, যেন সরাসরি বা টেলিফোনিক ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে সত্য উত্তর দিতে পারেন।
৩. স্বদেশে ফেরার স্পষ্ট বাধ্যবাধকতা দেখান: আপনার স্থায়ী পেশা, ব্যবসা, পরিবার, সম্পদ বা সামাজিক দায়বদ্ধতার স্পষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করুন।
৪. আয়ের উৎস ও অ্যাকাউন্টের ধারাবাহিকতা রাখুন: হঠাৎ টাকা জমা না করে অন্তত ৬ মাসের স্বাভাবিক লেনদেন ও আয়ের বৈধ উৎসের প্রমাণসহ ব্যাংক স্টেটমেন্ট দিন।
৫. নিজস্ব কভার লেটার নিজে লিখুন: আপনি কেন যাচ্ছেন, ভ্রমণের খরচ কীভাবে বহন করবেন এবং কেন নির্দিষ্ট সময়ে দেশে ফিরবেন—তা বানোয়াট কথা এড়িয়ে নিজস্ব ভাষায় স্পষ্ট করে লিখুন।
৬. ধাপে ধাপে ট্রাভেল হিস্ট্রি গড়ুন: একবারে উন্নত দেশে আবেদন না করে সুবিধাজনক এবং আস্তে ধীরে বিভিন্ন দেশ ঘুরে এসে সময়মতো ফেরার ভালো রেকর্ড তৈরি করুন।
শেষ কথা
ভিসা প্রসেসিং কোনো লটারি নয়, এটি আবেদনকারীর বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। নথিপত্রের শতভাগ স্বচ্ছতা, সঠিক তথ্য উপস্থাপন এবং ভিসা নীতি মেনে চলার মানসিকতা থাকলে উন্নত দেশের ভিসা পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়।