
পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও নাশকতার জন্য সরকারের ব্যর্থতা দায়ী: এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের গার্মেন্টস খাতকে ধ্বংসের অপচেষ্টা চলছে। গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য সরকার দায়ী। এ ধরনের পরিস্থিতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। জামায়াতে ইসলামী আদর্শিক শক্তিতে বলীয়ান হয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং পতিত ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সাবেক ছাত্র দায়িত্বশীলদের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, মেধা ও যোগ্যতাকে দেশ, সমাজ ও মানবকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক ঐক্য, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি জুমআ বার (২০ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্র নেতৃবৃন্দ নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শিক্ষাশিবিরের পরিচালক, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক সাবেক দায়িত্বশীল অংশগ্রহণ করেন।
শিক্ষাশিবিরে আলোচনা পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনে অবসরের সুযোগ নেই। মানবতার কল্যাণ সাধন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের জীবনের মূল লক্ষ্য। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনি দায়িত্ব পালনের পাশাপাশি অতীতের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিগত মানোন্নয়ন, জ্ঞানচর্চা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। যোগ্যতা, নিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তার সমন্বয় ঘটাতে পারলেই ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কার্যকর অবদান রাখা সম্ভব হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মো. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু।
সভাপতির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সাবেক ছাত্রনেতৃবৃন্দকে জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। শুধু সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে মানুষের সুখ-দুঃখ ও সংকটে পাশে দাঁড়াতে হবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি, মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠনে সাবেক ছাত্রনেতাদের এগিয়ে আসতে হবে।