
রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাশর বোররচর ভবনের সামনের তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সেলিম মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাশর বোররচর ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে ৩০ থেকে ৪০ জন কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ইন্সপেক্টর সেলিম মিয়া বিশেষ অভিযান দল ও টহল পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে মাহমুদ মুক্তাদির (১৬) নামে এক কিশোরকে আটক করে।
পরবর্তী সময়ে তার দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচ কিশোরকে আটক করা হয়। তারা হলো—সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) এবং সানজিদ (১৬)। আটক ছয় কিশোরের বাড়ি নগরীর আকুয়া, নওমহল ও বাঘমারা এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা পুলিশকে জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্থানীয় নেতা জাবির, আবিদ, আবির ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের প্ররোচনায় এবং জনপ্রতি ১০০ টাকা পাওয়ার প্রলোভনে তারা মিছিলে অংশ নেয়।
এ বিষয়ে ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সেলিম মিয়া বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতার উদ্দেশ্যে অর্থের প্রলোভন দেখিয়ে কিশোরদের ব্যবহার করা হচ্ছে। আটক ছয় কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে থাকা মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানে ইন্সপেক্টর মোহাম্মদ সেলিম মিয়ার সঙ্গে টিএসআই বকুল চন্দ্র সরকার, এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ আজগর আলী, এএসআই আনছার আলী, এএসআই আব্দুল সেলিমসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।