
কল্লোল আহমেদ, লালমনিরহাট প্রতিনিধি: নদীভাঙন, বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা তিস্তা নদীর চরাঞ্চলের কৃষকদের মুখে এবার স্বস্তির হাসি। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরজুড়ে এখন দোল খাচ্ছে পাকা আমন ধানের সোনালি শিষ। অনুকূল আবহাওয়া, সময়মতো চাষাবাদ ও ভালো ফলনে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। ইতোমধ্যে বিভিন্ন চরে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কোথাও চলছে পাকা ধান কাটার ব্যস্ততা, আবার কোথাও ধান শুকানো ও ঘরে তোলার প্রস্তুতি। সব মিলিয়ে তিস্তার চরাঞ্চলে এখন সোনালি ফসল ঘিরে উৎসবের আমেজ।
লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার তিস্তা নদীবেষ্টিত বিভিন্ন চরাঞ্চলে এ বছর আমন ধানের ভালো আবাদ হয়েছে। বিশেষ করে নদীর বুকে জেগে ওঠা নতুন ও পুরোনো চরগুলোতে বিস্তীর্ণ জমির ধানখেত সবুজ থেকে সোনালি রং ধারণ করেছে। কৃষকদের প্রত্যাশা, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ঘরে উঠবে কাঙ্ক্ষিত ফসল। এতে পরিবারের সারা বছরের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি ধান বিক্রি করে সংসারের অন্যান্য প্রয়োজনও মেটাতে পারবেন তারা।
নদীভাঙনে একসময় নিজের ১০ বিঘারও বেশি আবাদি জমি তিস্তার বুকে বিলীন হয়ে গেছে ৬০ বছর বয়সী কৃষক মেছের আলীর। বর্তমানে সমতলে তার কোনো জমি নেই। জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে কিংবা অবশিষ্ট জমিতে চাষাবাদ করেন তিনি। এবার নদীর বুকে প্রায় পাঁচ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে এবার তার মুখে ফুটেছে স্বস্তির হাসি।
মেছের আলী বলেন, “প্রতিবছরই ধান পাকার সময় বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকে। কখনো বন্যা, কখনো অতিবৃষ্টি কিংবা ঝড়ো হাওয়ায় চরের ফসল ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রত্যাশা অনুযায়ী ধান ঘরে তুলতে পারেন না কৃষকেরা। তবে এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও হয়েছে বেশ ভালো।”
তিনি আরও বলেন, “খেতের দিকে তাকালে মনটা ভরে যায়। চারদিকে শুধু সোনালি ধান। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার তিস্তার চরে আমনের ফলন ভালো হয়েছে। আশা করছি, কোনো দুর্যোগ না হলে ভালোভাবেই ধান ঘরে তুলতে পারব।
চরের আরেক কৃষক আলিমুল ইসলাম (৫৫) জানান, গত বছরের তুলনায় এবার তিস্তার চরাঞ্চলে আমন ধানের আবাদ বেড়েছে। চার-পাঁচ দিন ধরে বিভিন্ন চরে ধান কাটা শুরু হয়েছে। নদীর বুকের বিস্তীর্ণ জমিতে এখন পাকা ধানের সমারোহ। চলতি নভেম্বর মাসের মধ্যেই অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে বলে আশা করছেন তিনি। এরপর এসব জমিতে আলু, পেঁয়াজ, কুমড়া, আদা ও ভুট্টাসহ বিভিন্ন রবি ফসল চাষের প্রস্তুতি নেবেন কৃষকেরা।
আলিমুল ইসলাম বলেন, “আমি চার বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। এর মধ্যে দুই বিঘার ধান কেটে বাড়িতে এনেছি। আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে বাকি দুই বিঘার ধান কাটব। এবার ফলন ভালো হওয়ায় আমরা খুব খুশি।”
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীর বুকে জেগে ওঠা রাজপুর চরের কৃষক অনিল চন্দ্র বর্মণ (৬৫) এবার আট বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। রোববার থেকে তার খেতে ধান কাটা শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও প্রত্যাশার চেয়ে ভালো ফলনে বেশ সন্তুষ্ট তিনি।
অনিল চন্দ্র বর্মণ জানান, গত বছর প্রতি বিঘা জমিতে ১৯ মণ ধান পেয়েছিলেন। এবার ফলন বেড়ে প্রতি বিঘায় প্রায় ২৪ মণ হতে পারে বলে আশা করছেন। তার মতে, সমতলের তুলনায় চরের জমিতে ধান চাষে প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা কম খরচ হয়। তবে বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ গত বছরের তুলনায় কিছুটা বেশি হয়েছে।
আদিতমারী উপজেলার মহিষখোচা ও কালমাটি এলাকার কৃষকেরাও এবার আমন ধানের ভালো ফলন নিয়ে আশাবাদী। তাদের ভাষ্য, এবার তেমন বন্যা পরিস্থিতি সৃষ্টি না হওয়ায় তিস্তার বুকে জেগে ওঠা অধিকাংশ চরে আমন ধানের আবাদ করা সম্ভব হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ধানের শিষে পর্যাপ্ত দানা এসেছে। ফলে ফলনও হয়েছে প্রত্যাশার চেয়ে ভালো।
চরাঞ্চলের কৃষকেরা জানান, তিস্তার চরগুলোতে কৃষিকাজ অনেকটাই প্রকৃতিনির্ভর। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা, নদীভাঙন ও অতিবৃষ্টির কারণে প্রতিবছরই ফসল নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয় তাদের। অনেক সময় পাকা ধান ঘরে তোলার আগেই নদীর পানি বৃদ্ধি কিংবা ঝড়ো আবহাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। এ কারণে ভালো ফলন হলেও নিরাপদে ফসল ঘরে তোলা পর্যন্ত দুশ্চিন্তা কাটে না কৃষকদের।
তারা আরও জানান, তিস্তার চরাঞ্চলের উর্বর পলিমাটিতে ধানসহ বিভিন্ন ফসল ভালো জন্মে। আমন ধান কাটার পর একই জমিতে আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, কুমড়া, ভুট্টা ও অন্যান্য শীতকালীন সবজি চাষের সুযোগ রয়েছে। ফলে বছরে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি ফসল বিক্রি করে আয় বাড়াতে পারছেন অনেক কৃষক।
তবে ভালো ফলনের পাশাপাশি উৎপাদন খরচ নিয়েও কিছুটা উদ্বেগ রয়েছে তাদের। সার, বীজ, কীটনাশক, সেচ ও জ্বালানি তেলের দাম বাড়ায় আগের তুলনায় চাষাবাদে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধির বিষয়টিও কৃষকদের ভাবিয়ে তুলছে। তাই উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে তাদের পরিশ্রম সার্থক হবে বলে মনে করছেন তারা।
কৃষকদের প্রত্যাশা, সরকারিভাবে চরাঞ্চলের কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণ, মানসম্মত বীজ ও সার সরবরাহ, কৃষি উপকরণে সহায়তা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সুযোগ বাড়ানো হলে তিস্তার চরাঞ্চল আরও সমৃদ্ধ কৃষি অঞ্চলে পরিণত হবে। একই সঙ্গে উৎপাদিত ফসল বাজারজাতকরণে উন্নত পরিবহন সুবিধা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সব মিলিয়ে নদীভাঙন আর প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও তিস্তার বুকে জেগে ওঠা চরে নতুন স্বপ্ন বুনছেন কৃষকেরা। সোনালি ধানের শিষে দুলছে তাদের সারা বছরের পরিশ্রম, আশা ও বেঁচে থাকার প্রত্যাশা। এখন তাদের একটাই চাওয়া, প্রকৃতি যেন আর বাধা হয়ে না দাঁড়ায়, নিরাপদে ঘরে উঠুক সোনালি ফসল এবং উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হোক।