
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।
একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ শুরু করেছে।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক সন্ধিক্ষণে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা রেখেছে।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দুটি প্রধান দায়িত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রথম দায়িত্ব হচ্ছে যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে শহীদদের প্রত্যাশিত নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সশস্ত্র বাহিনীর ইতিহাস ও জাতীয় ভূমিকা
সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এই বাহিনীর যাত্রা শুরু হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক দিনটির স্মরণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।
তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত আক্রমণের পর চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।
জিয়াউর রহমানের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। অথচ স্বাধীনতা-পরবর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে।
তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ওই সময় দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দেওয়া হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়। ওই ঘটনার পর বাংলাদেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা দেশবাসীর জানা।
আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্ব
পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার।
তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন সেগুলো একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যেই সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল আর প্রচলিত সামরিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ক্রমেই বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অন্তর্ভুক্ত।
সশস্ত্র বাহিনীর কার্যকারিতা ও পেশাদারত্ব বজায় রাখতে চেইন অব কমান্ডের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।
সদস্যদের কল্যাণে নতুন উদ্যোগ
সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পেশাগত দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি সদস্যদের কল্যাণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।
২০২০ সালের পরিবর্তে ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ি জনপদ থেকে শুরু করে দুর্যোগকবলিত এলাকায় মানুষের প্রয়োজনে তাঁরা সব সময় পাশে দাঁড়িয়েছেন। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাঁদের ভূমিকা প্রশংসনীয়।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা সুনাম অর্জন করেছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমন এবং বিদেশে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন।
দেশে-বিদেশে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহত সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।
আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ও তাদের জনগণের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণ ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহৎ প্রচেষ্টায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন।
খালেদা জিয়ার স্মৃতিচারণ ও দোয়া কামনা
বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরে আবেগাপ্লুত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তাঁর মা বহুবার সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ।
এ সময় মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে প্রধানমন্ত্রীকে মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অনুষ্ঠানে যোগ দেন।
সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও উপস্থিত ছিলেন।