
কূটনৈতিক প্রতিবেদক: ওমানের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশি রাজধানীর হোটেল শেরাটনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের উদ্দেশে পাঠানো একটি শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির হাতে তুলে দেওয়া হয়।
শুভেচ্ছাবার্তায় জামায়াতের আমীর ওমানের সুলতান, দেশটির সরকার ও জনগণকে জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ও ওমানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনে এ সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এতে ওমানে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর অবদানের কথাও বিশেষভাবে তুলে ধরা হয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি আরও গভীর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ওমান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটিতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা ওমানের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও জনসম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।