
ব্যাংকিং খাতে লুটপাটের বিচার, সম্পদ পুনরুদ্ধার, আমানতকারীর সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠাকে অতিব গুরুত্বপূর্ণ সেক্টর গণ্য করে অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে।
বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ও জটিল সমস্যাগুলোর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো ব্যাংকিং খাতে সৃষ্ট গভীর সংকট। এ কথা বলতে দ্বিধা নেই, যে ব্যাংকব্যবস্থার ওপর দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান, আমদানি-রপ্তানি এবং সাধারণ মানুষের সঞ্চয়ের নিরাপত্তা নির্ভরশীল, সেই ব্যবস্থার ভিতই আজ নড়বড়ে হয়ে পড়েছে। লন্ডনভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক প্রতিবেদন এবং দেশের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে এই সংকটের ভয়াবহতা স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। প্রশ্ন হলো, এই বিপর্যয়ের দায় কার? আর এই পরিস্থিতি থেকে উত্তরণের পথই বা কী?
দ্য ইকোনমিস্টের মূল্যায়ন অনুযায়ী, বাংলাদেশের ব্যাংক খাতের বড় একটি অংশ দেউলিয়াত্বের ঝুঁকিতে রয়েছে। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, ঋণ জালিয়াতি, ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব এবং ব্যাংক থেকে বিপুল অর্থ বের করে নেওয়ার ঘটনা। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ব্যাংক খাতে যে নজিরবিহীন অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিস্তার ঘটেছিল, তার পরিণতি এখন পুরো অর্থনীতিকে বহন করতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের জুন প্রান্তিকের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের প্রায় ৩২.৭৮ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে, ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার ঘাটতি বেড়ে ৩.৮ শতাংশে পৌঁছেছে। অথচ ব্যাংকের আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মোকাবিলার অন্যতম প্রধান সূচক হচ্ছে মূলধন পর্যাপ্ততা। এর অবনতি প্রমাণ করে, অনেক ব্যাংকের লোকসান সামাল দেওয়ার মতো নিজস্ব মূলধন নেই।
এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। খেলাপি ঋণের অনুপাত বেড়ে যাওয়ার অর্থ এই নয় যে, সব ঋণ একসঙ্গে নতুন করে অনাদায়ি হয়েছে। দীর্ঘদিন ঋণ পুনঃতফসিল, বিশেষ সুবিধা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ শ্রেণিকরণ পদ্ধতির কারণে প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল ছিল। পরবর্তী সময়ে আন্তর্জাতিক সংজ্ঞা অনুসরণ করে হিসাব সংশোধনের ফলে প্রকৃত সমস্যার ব্যাপ্তি ও গভীরতা প্রকাশ পেয়েছে। অর্থাৎ রোগটি নতুন নয়; বরং দীর্ঘদিন ধরে রোগের প্রকৃত চিত্র ও মাত্রা আড়াল করে রাখা হয়েছিল।
সংকটের দায় এড়ানোর সুযোগ নেই
ব্যাংক খাতের এই বিপর্যয় কোনো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি দীর্ঘদিনের দুর্বল তদারকি, রাজনৈতিক হস্তক্ষেপ, স্বার্থের সংঘাত এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির অভাবের ফল। ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং রাজনৈতিক ক্ষমতাকেন্দ্রের একটি অংশের সংশ্লিষ্টতা যে ভালো ভাবেই ছিল, তাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। তাদের ভূমিকা সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রেখে যথাযথভাবে তদন্ত করা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে ব্যাংকের মালিকানা ও পরিচালনায় প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ায় অনেক ক্ষেত্রে ব্যাংক আমানতকারীদের স্বার্থ রক্ষার পরিবর্তে নির্দিষ্ট গোষ্ঠীর অর্থায়নের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। ঋণ অনুমোদনের ক্ষেত্রে প্রকল্পের সম্ভাব্যতা, ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা, জামানতের পর্যাপ্ততা এবং অর্থের ব্যবহার যাচাইয়ের মৌলিক নীতিগুলো লজ্জাজনক কায়দায় উপেক্ষিত হয়েছে বলে বিভিন্ন অনুসন্ধান ও প্রতিবেদনে উঠে এসেছে।
ইসলামী ব্যাংকিং খাতেও এর ভয়াবহ প্রভাব পড়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ওপর সাধারণ মানুষের আস্থা ছিল মূলত সততা, নৈতিকতা, আমানতের নিরাপত্তা এবং সুদমুক্ত অর্থায়নের প্রত্যাশাকে কেন্দ্র করে। কিন্তু রাজনৈতিক প্রভাব, মালিকানা দখল, একক গোষ্ঠীর কাছে বিপুল অর্থায়ন এবং শরিয়াহ পরিপালনের দুর্বলতা এই আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইসলামী ব্যাংকিংয়ের নাম ও কাঠামো থাকলেই তা প্রকৃত অর্থে ইসলামী ব্যাংকিং হয় না; এর জন্য প্রয়োজন শরিয়াহ পরিপালন, স্বচ্ছতা, জবাবদিহি এবং ন্যায়সংগত অর্থায়ন।
শুধু তারল্য সহায়তা দিয়ে সমাধান হবে না
ব্যাংক খাতের সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময়ে দুর্বল ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা দিয়েছে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক প্রায় ৬.২ বিলিয়ন ডলারের সমপরিমাণ তারল্য সহায়তা দিয়েছে। অন্যদিকে, ব্যাংক খাতের মূলধন পুনর্গঠনে কয়েক বছর ধরে জিডিপির প্রায় ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে বলে মুডিসের মূল্যায়নের কথা উল্লেখ করা হয়েছে।
এখানেই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। দেশের রাজস্ব আহরণ জিডিপির তুলনায় অত্যন্ত কম। ফলে বিপুল পরিমাণ অর্থ দিয়ে ব্যাংকগুলোকে পুনঃমূলধনীকরণ করা সরকারের পক্ষে সহজ নয়। আবার জনগণের করের টাকা দিয়ে লুটপাটের দায় মেটানোও ন্যায়সংগত হতে পারে না।
তারল্য সংকট ও মূলধন সংকট এক বিষয় নয়। কোনো ব্যাংকের হাতে সাময়িকভাবে নগদ অর্থের ঘাটতি দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা প্রয়োজন হতে পারে। কিন্তু কোনো ব্যাংকের সম্পদের প্রকৃত মূল্য যদি দায়ের তুলনায় কমে যায়, তাহলে শুধু তারল্য সহায়তা দিয়ে সেই ব্যাংককে সুস্থ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রয়োজন প্রকৃত আর্থিক অবস্থার নিরীক্ষা, লোকসানের স্বীকৃতি, মূলধন পুনর্গঠন এবং দায়ী ব্যক্তিদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধার।
লুটের অর্থ উদ্ধারই হোক প্রধান অগ্রাধিকার
ব্যাংক খাত পুনরুদ্ধারের প্রথম কাজ হওয়া উচিত অনিয়মের মাধ্যমে বেরিয়ে যাওয়া অর্থ ও সম্পদ শনাক্ত করা এবং তা দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ। যেসব ঋণ রাজনৈতিক প্রভাব, জালিয়াতি, ভুয়া কাগজপত্র কিংবা যোগসাজশের মাধ্যমে দেওয়া হয়েছে, সেগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। ঋণ অনুমোদন, অর্থ ছাড়, অর্থের প্রকৃত ব্যবহার, জামানত গ্রহণ এবং পরবর্তী সময়ে ঋণ পুনঃতফসিলের প্রতিটি ধাপ খতিয়ে দেখা প্রয়োজন।
দেশে ও বিদেশে ঋণখেলাপি ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ শনাক্ত করতে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, আর্থিক গোয়েন্দা ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তবে সম্পদ জব্দ বা বিক্রির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া, মালিকানার বৈধতা এবং তৃতীয় পক্ষের অধিকার নিশ্চিত করতে হবে। শুধু অভিযোগের ভিত্তিতে কারও সম্পদ বাজেয়াপ্ত করা যাবে না।
একই সঙ্গে ঋণখেলাপিদের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপি, প্রতারণার মাধ্যমে ঋণ গ্রহণকারী এবং ব্যবসায়িক ব্যর্থতার কারণে সাময়িক সংকটে পড়া উদ্যোক্তাকে এক কাতারে ফেলা উচিত নয়। প্রকৃত উদ্যোক্তাদের পুনর্বাসনের সুযোগ দিতে হবে, কিন্তু লুটপাট ও অর্থ পাচারকে কোনোভাবেই ব্যবসায়িক ব্যর্থতা হিসেবে বৈধতা দেওয়া যাবে না।
আমানতকারীদের সুরক্ষা সর্বাগ্রে
ব্যাংক খাতের সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ আমানতকারী। তাঁরা ব্যাংকে অর্থ জমা রাখেন নিরাপত্তা ও প্রয়োজনের সময় তা ফেরত পাওয়ার প্রত্যাশায়। কিন্তু ব্যাংকের অনিয়ম ও পরিচালনাগত ব্যর্থতার কারণে তাঁদের সঞ্চয় অনিশ্চয়তার মুখে পড়েছে। অবসরপ্রাপ্ত ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী পরিবার এবং ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য এটি বিশেষভাবে উদ্বেগজনক।
কোনো ব্যাংক দুর্বল হয়ে পড়লে তার দায় সাধারণ আমানতকারীর ওপর চাপানো যাবে না। আমানত সুরক্ষা আইন কার্যকর করা, আমানত বিমার সীমা ও বাস্তব প্রয়োগ নিশ্চিত করা এবং সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর জন্য স্বচ্ছ পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করা জরুরি। আমানতকারীদের কত টাকা, কখন এবং কীভাবে ফেরত দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট সময়সীমা ও নিয়মিত অগ্রগতি জানাতে হবে।
প্রয়োজন কঠোর সংস্কার ও রাজনৈতিক সদিচ্ছা
ব্যাংক খাতের সংস্কার কোনো দলের রাজনৈতিক কর্মসূচি হতে পারে না; এটি রাষ্ট্রীয় ও জাতীয় স্বার্থের বিষয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাংকের নিয়ন্ত্রণ নতুন কোনো গোষ্ঠীর হাতে চলে গেলে সংকটের পুনরাবৃত্তি ঘটবে। অতীতের লুটপাটের পরিবর্তে নতুন লুটপাটের সুযোগ তৈরি হলে কোনো সংস্কারই টেকসই হবে না।
ব্যাংকের পরিচালনা পর্ষদে পেশাগত দক্ষতা, সততা ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করতে হবে। ঋণ অনুমোদনে রাজনৈতিক ও মালিকপক্ষের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে কার্যকর স্বাধীনতা দিতে হবে। বড় ঋণ, সংশ্লিষ্ট পক্ষের ঋণ, ঋণের কেন্দ্রীভবন এবং পুনঃতফসিলের তথ্য নিয়মিত প্রকাশ করতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ নিরীক্ষা, বহিঃনিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে।
ব্যাংক একীভূতকরণও কোনো জাদুকরি সমাধান নয় বলে মনে করি। দুর্বল ব্যাংককে শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করার আগে তার প্রকৃত সম্পদ, দায়, মূলধন ঘাটতি এবং সম্ভাব্য ক্ষতি নিরূপণ করতে হবে। অন্যথায় একটি দুর্বল ব্যাংকের সমস্যা আরেকটি ব্যাংকের ওপর চাপিয়ে দেওয়া হবে। পুনর্গঠন, একীভূতকরণ কিংবা অবসায়ন—যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা হতে হবে স্বচ্ছ মূল্যায়ন ও আমানতকারীর স্বার্থের ভিত্তিতে।
লেখক: মো. মুখলেছুর রহমান
ইসলামী ফাইন্যান্স বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ ও রাষ্ট্রচিন্তক, ভূরাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মী।