
মোঃমোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি:গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ও সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্মকভাবে আহত করার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ‘সাংবাদিক হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা চাই’ শ্লোগানে আয়োজিত মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলিম, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকরা কোনো সরকারের আমলেই নিরাপদ ছিলেন না। সব সরকারের সময়ই তারা হামলা, মামলা ও হত্যার শিকার হয়েছেন, কিন্তু কোনো ঘটনারই বিচার হয়নি। বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।