
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
রোববার (১০ আগস্ট) দুপুর ১২ টায় বাংলাদেশ প্রেসক্লাব ও লালমনিরহাট প্রেসক্লাব এর যৌথ আয়োজনে স্থানীয় মিশনমোড় চত্বরে ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদুর রহমান মুকুল, প্রথম আলো’র জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, জিটিভি’র প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, ৭১ টিভির জেলা প্রতিনিধি মিলন পাটোয়ারী, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগী সভাপতি শরিফুল ইসলাম রতন, বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম প্রমুখ।
বক্তারা নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের সময় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়েছে, দেশে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে তাই পুলিশের সামনে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা করছে। এ অবস্থায় আমরা শংকিত। এই ন্যক্যার জনক হত্যাকান্ডে জড়িত সকল খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরোও বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ করতে হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী উপজেলা প্রেসক্লাবের নেতারা শোক প্রকাশ করে বলেন, তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে একজন একনিষ্ঠ কলম যোদ্ধা। তাঁর মৃত্যুতে শুধু সাংবাদিক সমাজের নয়, পুরো দেশের জন্যই অপূরণীয় ক্ষতি হয়েছে। আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচারের ব্যবস্থা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।