
লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সব সময় পালিয়ে যাওয়ার ইতিহাস।” মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “শেখ মুজিব যেমন ১৯৭১ সালে দেশ ছেড়ে গিয়েছিলেন, তেমনি শেখ হাসিনাও অতীতে দেশ ছেড়েছিলেন। অপরদিকে, বিএনপির ইতিহাস হচ্ছে লড়াই, সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠেই প্রথম দেশবাসী স্বাধীনতার আহ্বান শোনে।”
দুলু আরও বলেন, “১৯৭১ সালে যখন দেশের মানুষ স্বাধীনতার জন্য প্রস্তুত, তখন শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। আর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা ছিল মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা।”
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যে নেতৃত্ব বারবার জনগণকে ছেড়ে যায়, ইতিহাস বিকৃত করে—তারা কখনও সুমাতা হতে পারে না। আজও বিএনপি জনগণের পাশে রয়েছে, গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে লড়ছে।”
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল সাত্তার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের প্রায় ১০ হাজার নেতাকর্মী।
আলোচনা সভা শেষে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্টেশন এলাকায় এসে শেষ হয়।