• ঢাকা |

পরিত্যক্ত নলকূপ কেড়ে নিল শিশু সাজিদের জীবন, জানাজায় মানুষের ঢল


নিউজ প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

শামীম রহমান, রাজশাহী ব্যুরো: রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোয়েলহাট গ্রামে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজার আগেই মাঠজুড়ে নেমে আসে মানুষের ঢল। গ্রামের প্রবীণ থেকে স্কুলপড়ুয়া শিশু—সবার চোখে ছিল জল। সাদা কাপড়ে মোড়ানো সাজিদের ছোট্ট দেহটি যখন সামনে আনা হয়, তখন কান্নার রোল পড়ে চারদিকে। শিশুটির মা বারবার ছুটে যেতে চাইছিলেন সন্তানের কাছে, আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

জানাজার নামাজে ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে সাজিদের ছোট্ট কফিনটি যখন কবরের দিকে নেওয়া হয়, তখন স্বজনদের বুকফাটা কান্নায় স্তব্ধ হয়ে যায় চারপাশ।

এর আগে গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মায়ের সঙ্গে হাঁটতে গিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যায় সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার টানা উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার রাতে প্রায় ৪০ ফুট মাটি খুঁড়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস; তবে ফিরিয়ে আনা যায়নি তার প্রাণ। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে শোক আর বেদনাময় নীরবতা।

শিশুর বাবা রাকিব উদ্দীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার ফুটফুটে সন্তান হারাইছি। আমার কলিজা হারাইছি। গর্তটা বন্ধ থাকলে আজকে এই ঘটনা ঘটত না। এটা অবহেলাই—আর কিছু না। আমি বিচার চাই। প্রশাসন যেভাবে বিচার করবে, তাতেই আমি সন্তুষ্ট।” গ্রামবাসীরা অভিযোগ করেন—এলাকাজুড়ে বেশ কয়েকটি পরিত্যক্ত নলকূপের গর্ত দীর্ঘদিন খোলা পড়ে আছে, যা বড় ধরনের দুর্ঘটনা ডেকে আনছে। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

কোয়েলহাট গ্রামের মানুষ বলছেন—একটি শিশুর জানাজায় পুরো গ্রাম এমনভাবে কেঁদেছে, তা তারা কখনও দেখেননি। সাজিদের মৃত্যু শুধু এক পরিবারের নয়, পুরো গ্রামের হৃদয় ভেঙে দিয়েছে। গ্রামবাসীর একটাই কথা—আর যেন কোনো মা তার সন্তানকে এমনভাবে হারাতে না হয়।