নিজস্ব প্রতিবেদক: গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর পূর্ব শাখার সেক্রেটারি ইমদাদুল হক মিয়াজী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, গণভোটে প্রাপ্ত বিপুল জনসমর্থনের রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে জনরায় বাস্তবায়নের আহ্বান জানান এবং এ বিষয়ে টালবাহানা না করার ওপর জোর দেন।
বিশেষ অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে সমালোচনা করে বলেন, সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে পরে তা থেকে সরে আসা জাতির সঙ্গে প্রতারণার শামিল।
সভাপতির বক্তব্যে আসিফ আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের আত্মত্যাগের ভিত্তিতেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা গড়ে উঠেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর পূর্ব শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ফারাবি নিয়াজ এবং প্রচার ও মিডিয়া সম্পাদক দাউদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান এবং এ লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।