মোঃ মোরছালিন জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট-হিলি মহাসড়কের সদর উপজেলার বনখুর ওপদা মোড় এলাকায় ট্রাক ও দুটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে বৃষ্টির মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে পাঁচবিবিগামী একটি ট্রাকের সঙ্গে একই দিকে চলাচলকারী একটি যাত্রীবাহী অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হন।
খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
বর্তমানে নিহতদের মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।