প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা গ্রহণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে “স্বাস্থ্য এবং SRHR-সংলাপ ও কার্যক্রমে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকরণ কর্মসূচি”।
আরএইচস্টেপের অপরাজেয় তারুণ্য (UYP Project), রংপুর-এর উদ্যোগে ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় RHSTEP-UYP Project-এর সেমিনার কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও SRHR সেবা গ্রহণের প্রতিবন্ধকতা, স্বাস্থ্য অধিকার এবং এসব সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব ডা. খন্দকার শামসুল আলম। তিনি পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি কোথায় গেলে সহজে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা পাওয়া যায় এবং সরকারি পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে কী ধরনের সেবা গ্রহণ করা সম্ভব—সে বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় দারিদ্র্য, সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার, বৈষম্য, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামোর ঘাটতি এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ও SRHR সেবার সীমিত সুযোগকে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্বপূর্ণ বাধা হিসেবে তুলে ধরা হয়।
আলোচনার শেষে বিভিন্ন কমিউনিটি থেকে আসা অংশগ্রহণকারীদের নিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে তারা নিজ নিজ কমিউনিটির স্বাস্থ্য ও SRHR-সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সম্ভাব্য সমাধান তুলে ধরেন। পাশাপাশি এসব সমাধান বাস্তবায়নে তারা নিজেরা কী ভূমিকা রাখতে পারেন এবং সরকারের কী ভূমিকা থাকা উচিত, তা নির্ধারণ ও উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য (UYP Project), রংপুর শাখার প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য।