চাটখিল প্রতিনিধি: দেশবাসী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে চাটখিল পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার বিকেলে পাঁচগাঁও কাছারি বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে চাটখিল-সোনাইমুড়ী সড়কের হালিমা দিঘিরপাড়স্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বিএনপি নেতা আল হেলাল মোল্লার সভাপতিত্বে ও যুবদল নেতা মাছুম বিল্লাহ’র সঞ্চালনায়
বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ সাইফুল আলম শিমুল, পাঁচগাঁও ইউনিয়ন যুবদল সভাপতি দুলাল পাটোয়ারী, সাধারণ সম্পাদক নুর আলম, যুবদল নেতা মীর কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন বিএনপি নেতা ইমাম হোসেন প্রমূখ।
বিএনপি নেতা সাইফুল আলম শিমুল বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা দেশব্যাপী যেই সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগ ঘটাচ্ছে, তাতে সরকার এখন পর্যন্ত সহনশীলতার পরিচয় দিচ্ছে। আর ছাড় দেয়া হবে না। আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার হুশিয়ারি দেন।