মোঃ রাকিব হাসান শাওন:-কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ৩ কেজি ৯৪৯ গ্রাম গাঁজাসহ ইব্রাহিম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ইব্রাহিম হোসেন ওই গ্রামের মৃত আমজাদ হোসেন ও জোসনা খাতুনের ছেলে।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে র্যাব-১২-এর একটি চৌকস অভিযানিক দল দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া গ্রামের সরদারপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। জনৈক মামুন ফয়সালের ফার্নিচারের দোকানের দক্ষিণ পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ কেজি ৯৪৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।